সিলেটে সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ফুলের পাপড়ি ও মালা ছিটিয়ে স্বাগত জানিয়েছেন চা বাগানের শ্রমিকরা।
বুধবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করার সময় নগরের চৌকিদেখি এলাকায় এ দৃশ্য দেখা যায়।
প্রধানমন্ত্রীর গাড়িবহর বিমানবন্দর সড়ক ধরে যাওয়ার সময় রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন লাক্কাতুড়া ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা। তাঁদের অধিকাংশই ছিলেন নারী। অনেকের হাতে ছিল ফুলের মালা, আবার কেউ বহন করছিলেন ফুলের পাপড়িভর্তি ডালা।
গাড়িবহর তাদের সামনে পৌঁছালে শ্রমিকরা ফুলের পাপড়ি ছিটিয়ে এবং মালা প্রদর্শন করে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
এর আগে সকালে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় সিলেট সফর।
বিমানবন্দর থেকে শ্রীমঙ্গলের পথে সিলেট নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষও সড়কের পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
চৌকিদেখি এলাকায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সিলেট মহানগর বিএনপির কয়েকজন শীর্ষ নেতাও ছিলেন।
প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন