দেশের কৃষি উৎপাদন ও শিল্প কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সার এবং শিল্প কাঁচামাল আমদানিতে ৭০৪ কোটি টাকার বেশি ব্যয়ের তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির ২৭তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সভা সূত্রে জানা যায়, সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৩৪৮ কোটি ৫৫ লাখ টাকা। এ সার সরবরাহ করবে Delta Star Trading FZ-LLC, স্থানীয় এজেন্টের মাধ্যমে।
এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য SABIC Agri-Nutrients Company থেকে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ক্রয়ে ব্যয় হবে ১৮৫ কোটি ১৩ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩০ দশমিক ৮৩ মার্কিন ডলার।
কমিটি আরও ১৫ হাজার মেট্রিক টন ব্রাইট ইয়েলো রক সালফার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এটি ব্যবহার করবে Triple Super Phosphate Complex Limited।
এ কাজের ঠিকাদার হিসেবে নির্বাচিত হয়েছে Fabsco Construction Limited। চুক্তির মূল্য ১৭১ কোটি ১ লাখ টাকা এবং প্রতি মেট্রিক টন রক সালফারের দাম নির্ধারণ করা হয়েছে ৮০০ মার্কিন ডলার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনুমোদিত এসব আমদানি দেশের কৃষি খাতে সারের সরবরাহ বজায় রাখা এবং শিল্প কারখানার জন্য প্রয়োজনীয় কাঁচামালের প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়তা করবে।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট সাতটি প্রস্তাব উপস্থাপন করা হলেও অনুমোদন পেয়েছে শিল্প মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাব।
মন্তব্য করুন