রাজধানীর কয়েকটি কাঁচাবাজার পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আদা, রসুন ও পেঁয়াজসহ কয়েকটি পণ্যের দাম কমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন।
মঙ্গলবার সকালে মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
বাজার পরিদর্শনের সময় তিনি পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে পণ্যের সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাজারে আসা ক্রেতাদের কাছ থেকেও মূল্য পরিস্থিতি সম্পর্কে মতামত নেন।
তবে কিছু ক্রেতা জানিয়েছেন, পোলাওয়ের চালের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর অংশ হিসেবে তিনি আগের দিন কারওয়ান বাজার এবং মঙ্গলবার মহাখালী ও মোহাম্মদপুরের বাজার পরিদর্শন করেছেন।
তিনি বলেন, “ব্যবসায় টিকে থাকতে হলে লাভ করতে হবে, তবে অতিরিক্ত দাম বাড়িয়ে ভোক্তার ওপর চাপ সৃষ্টি করা যাবে না।”
সরকার ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
পরিদর্শনের সময় বিক্রেতারা দাবি করেন, বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে।
বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন