প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু অতীতের নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস। নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে নজরুলের সাহিত্যকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, পরাধীনতা, শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে নজরুলের সাহিত্য আজও সমান প্রাসঙ্গিক। তিনি জানান, বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশজুড়ে সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নাট্যোৎসব ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতাও খতিয়ে দেখা হচ্ছে।