ঢাকার মহাখালী এলাকায় দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বামীকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করার মামলায় স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে লাশ গুমের দায়ে তাকে সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের মে মাসে মহাখালী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, নিহত ময়না মিয়া ওরফে শাকিলকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে হত্যা করা হয়।
পরে তাকে জবাই করে মরদেহ ছয় টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ঘটনার পর মাত্র ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ফাতেমা বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২০২৩ সালে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ২৬ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।