বাংলাদেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন ও উত্তরাঞ্চলের উন্নয়নের স্বার্থে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রকল্পটিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সংকট সমাধানে সরকার বড় ধরনের বিনিয়োগ করছে।
সোমবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলে পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। নদী, খাল ও সেচ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে এসব সমস্যার স্থায়ী সমাধানে সরকার কাজ করছে।
তিনি জানান, সারা বছর কৃষির জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করতে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষাকালের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষি ও অন্যান্য প্রয়োজনীয় খাতে তা ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সমন্বিত নদী ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও আন্তঃনদী সংযোগের অভাবে দীর্ঘদিন ধরে দেশের নদীগুলোর নাব্যতা কমেছে এবং বিভিন্ন এলাকায় সেচ সংকট তৈরি হয়েছে। এ সমস্যা মোকাবিলায় দেশব্যাপী নদী ও খাল খনন এবং পুনঃখনন কার্যক্রম চলছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। গত তিন মাসেই প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে বলে জানান তিনি।
কৃষকদের সহায়তায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও তার সুদ মওকুফ করা হয়েছে, যার ফলে প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন। এছাড়া ২০২৬–২৭ অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষক বিশেষ কৃষক কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা ও অন্তত ১০টি অতিরিক্ত সেবা পাবেন।
যুব কর্মসংস্থান ও প্রবাসী সেবার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো এবং প্রবাসীদের সেবা সহজ করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানির উৎস বহুমুখীকরণের মাধ্যমে আমদানি-নির্ভরতা কমানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট আমদানি-নির্ভর জ্বালানি ব্যবস্থার ঝুঁকি আবারও স্পষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষা খাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জনগোষ্ঠীই দেশের সবচেয়ে বড় সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মকে সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রয়োজন রয়েছে।
মন্তব্য করুন