স্টাফ রিপোর্টার
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর একদিনে এটিই ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
সোমবার (২৯ জুন ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ এবং তিনজন নারী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী।
একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জনে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৬৭৯ জন পুরুষ এবং ২ হাজার ২৪৪ জন নারী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০০ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৪৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন ভর্তি হয়েছেন।
মৃত্যুর দিক থেকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বছরের প্রথম পাঁচ মাসে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হলেও জুন মাসেই প্রাণ হারিয়েছেন ১৩ জন। ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।