বাংলাদেশের উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো এবং প্রযুক্তিখাতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে স্পেন।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।
বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, কৃষি, পর্যটন, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মতো খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং দক্ষিণ এশিয়ায় দেশের কৌশলগত অবস্থানের প্রশংসা করেন।
তিনি বলেন, উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিল্প খাতে বাংলাদেশের সঙ্গে স্পেনের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের যথেষ্ট সুযোগ রয়েছে।
বৈঠকে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি পর্যায়ের সহযোগিতার পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সরাসরি সম্পৃক্ততা নতুন বিনিয়োগ এবং বাণিজ্যের সুযোগ সৃষ্টি করতে পারে।
হুমায়ুন কবির স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি সরকারের পক্ষ থেকে বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর হলে পারস্পরিক লাভজনক নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে।
বৈঠকের শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি বাংলাদেশ ও স্পেন-এর মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেনের বিনিয়োগ আগ্রহ বাংলাদেশের শিল্পায়ন, সবুজ জ্বালানি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনের প্রচেষ্টায় নতুন গতি যোগ করতে পারে।
মন্তব্য করুন