চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো নিশ্চিত করতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় পরিবেশগত সুরক্ষা ও টেকসই জ্বালানি ব্যবস্থার শর্ত যুক্ত করে ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ অনুমোদন করা হয়।
সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, প্রায় ৪ হাজার ১৮৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে প্রায় ১ হাজার ৭২২ কোটি টাকা এবং বাকি অর্থ আসবে ঋণ ও অনুদান থেকে।
প্রধানমন্ত্রী প্রকল্প প্রস্তাব পর্যালোচনার সময় শিল্পবর্জ্য ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক পরিবেশগত মান অনুসরণ করে একটি পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি আধুনিক বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন এবং পরিশোধিত পানি পুনর্ব্যবহারের উপযোগী করার নির্দেশ দেন।
তিনি প্রকল্পের নকশায় বিদ্যমান পরিবেশগত ঘাটতি দূর করার পাশাপাশি পুরো শিল্পাঞ্চলে সৌরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেন। এ লক্ষ্যে শিল্পাঞ্চজুড়ে সৌর প্যানেল স্থাপনের কথাও বলেন তিনি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধন ও পুনর্ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানির সংযোজন সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের শর্তেই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত বাস্তবায়ন পরিকল্পনায় এসব পরিবেশবান্ধব ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সরকারের আশা, শিল্পায়নের গতি বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি প্রকল্পটি পরিবেশগত টেকসই উন্নয়নেরও একটি উদাহরণ হয়ে উঠবে।
মন্তব্য করুন