শ্রীমঙ্গলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশের সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ রোডের শ্রীশ্রী জগন্নাথদেব আখড়ার নাটমন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুনীল বৈদ্য শচী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ও জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অজয় কুমার দেব।
সভায় আরও উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ, সদস্য সচিব বসন্ত গোয়ালা, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীসহ উপজেলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সম্পাদকরা।
সভায় জানানো হয়, এ বছর শ্রীমঙ্গল উপজেলায় মোট ১৫৭টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য বাহিনী যৌথভাবে কাজ করবে। প্রতিটি পূজা মণ্ডপের সঙ্গে জেলা প্রশাসনের সমন্বয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে। নিরাপত্তার জন্য স্থায়ী মন্দিরগুলোতে নিজস্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “পূজাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের শৃঙ্খলা বজায় রাখা, স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকা, নামাজের সময় মাইক বন্ধ রাখা এবং মসজিদ-মন্দিরের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।”
ইউএনও নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।