উদয়ের পথে
ফরিদপুরের ভাঙ্গায় পুলিশের ইউনিফর্ম দেখলেই পালিয়ে যাওয়া এক পলাতক ডাকাতি মামলার আসামিকে কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি কাওছার শেখ (৩৫)। তিনি ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাসামদিয়া মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা পৌরসভা ও এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় কাওছারের বিরুদ্ধে মামলা রয়েছে। একটি মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ভাঙ্গা থানার অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) মো. আতাউর রহমান জানান, কাওছারকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালিয়েও তাকে ধরা সম্ভব হয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি একটি ফসলি মাঠে অবস্থান করছেন।
তিনি বলেন, “পুলিশের পোশাক দেখলেই সে পালিয়ে যেত। তাই কৃষকের ছদ্মবেশে মাঠে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, অভিযানে এএসআই আতাউর রহমানের কৌশল কার্যকর হয়েছে। তিনি কৃষকের ছদ্মবেশ ধারণ করে আসামিকে গ্রেপ্তার করেন, যা প্রশংসনীয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কাওছারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।