নিজস্ব প্রতিবেদক
বরিশালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে নানা অভিযোগ ও আলোচনা উঠছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে একই অঞ্চলে কর্মরত থাকা মোঃ রহমত-ই-খুদা-কে কেন্দ্র করে প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগ করছেন সংশ্লিষ্টদের কেউ কেউ।
অভিযোগ উঠছে, বদলি-পদায়ন, গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে তার প্রভাব রয়েছে। সূত্র জানায়, এলজিইডির অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রমে তার মতামত ও সুপারিশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফলে বিভাগের প্রশাসনিক কাঠামোয় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, রাজনৈতিক যোগাযোগ, ঠিকাদারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দীর্ঘদিনের প্রশাসনিক নেটওয়ার্কের কারণে তিনি প্রভাবশালী অবস্থানে রয়েছেন।
তথ্য বলছে, একই অঞ্চলে দীর্ঘ সময় কর্মরত থাকার বিষয়টিও আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহলের অনেকে।
তবে অভিযোগগুলোর বিষয়ে মো. রহমত-ই-খুদার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
অভিযোগ কতটা সত্য, কারা এই প্রভাব বলয়ের সুবিধাভোগী এবং এর পেছনে প্রকৃত কারণ কী— তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠছে। অন্যদিকে, এসব অভিযোগ রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধের অংশ কি না, সেটিও তদন্তসাপেক্ষ বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।