সংরক্ষিত নারী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটের ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জোটের এক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ইসি সচিবালয়ের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক যাচাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে। এ তালিকায় রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।
অন্যদিকে মনিরা শারমিনের মনোনয়নপত্রে অসংগতি থাকায় তা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, মনোনয়নপত্রে পূর্ববর্তী পেশা হিসেবে চাকরির তথ্য উল্লেখ থাকায় এবং স্টেটমেন্টে সরকারি পে-স্কেলের বিষয় থাকায় বিষয়টি যাচাই করা হচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে চাইলে নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার শর্ত রয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রমাণ জমা দিতে মনিরা শারমিনকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
ইসি জানায়, যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকেরা উপস্থিত থাকতে পারেন। বুধবারের কার্যক্রমে সংশ্লিষ্ট প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিও দেখা গেছে।
ইসির পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ দিনের মতো চলবে।