নোয়াখালী বিভাগের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও রোড ব্লকেড
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রোড ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা গেইট থেকে শুরু হয়ে বসুরহাট জিরো পয়েন্টে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা প্রায় ১০ মিনিটের জন্য বসুরহাট জিরো পয়েন্টে রোড ব্লকেড কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৈনিক ইনকিলাব পত্রিকার নোয়াখালী জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু, এবং সঞ্চালনা করেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি করিমুল হক সাথী।
সমাবেশে বক্তব্য রাখেন—
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, জামায়াতে ইসলামীর বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁইয়া, এবং বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা সভাপতি আমির হোসেন বিএসসি প্রমুখ।
এ সময় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও ব্যানার–ফেস্টুন নিয়ে অংশ নেন। এর মধ্যে ছিল—উই ফর ইউ, জীবন আলো, অফুরন্ত ব্লাড ব্যাংক, একাডেমি বাজার সমাজ কল্যাণ পরিষদ, কোম্পানীগঞ্জ কনটেন্ট ক্রিয়েটর, একতা বাজার যুব উন্নয়ন সংস্থা, চরহাজারী ইদগাহ যুব ও সামাজিক কল্যাণ পরিষদ, নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন, কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটিসহ প্রায় ৩০টি সংগঠন।বিক্ষোভকারীরা “দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই” শ্লোগানে মুখরিত হয়ে ওঠেন।
তারা আরও বলেন, “নতুন বিভাগ করতে হলে নোয়াখালীকেই স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।” বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেন।