বেইজিং/ঢাকা, ১৫ জুন: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে বেইজিং।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান ঘোষণা করেছে যে তারা লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।
তবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত স্পর্শকাতর বিষয়গুলো কীভাবে সমাধান করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে লিন জিয়ান বলেন, “চীন এই চুক্তিকে স্বাগত জানায় এবং মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করে।”
তিনি বলেন, বেইজিং আশা করছে সংশ্লিষ্ট পক্ষগুলো নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নে এগিয়ে যাবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল দ্রুত পুনরায় শুরু হবে বলে তারা আশা করছেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে বিবেচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এ জলপথে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারকে আন্তর্জাতিক বাজার ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন