প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 29, 2026 ইং
হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
রাজধানীর হাতিরঝিলে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে ৮টায় তিনি হাতিরঝিলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান লেকের বিভিন্ন অংশের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে কার্যক্রম আরও সুষ্ঠু, কার্যকর ও টেকসইভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, “হাতিরঝিল শুধু রাজধানীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ নয়; এটি ঢাকার অন্যতম নান্দনিক, পরিবেশবান্ধব ও জনবান্ধব উন্মুক্ত স্থান। এ এলাকার সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। রাজউক নিয়মিত পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে। হাতিরঝিলকে সবুজ, নির্মল, নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে সরকারি সংস্থার পাশাপাশি নগরবাসীর সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে হাতিরঝিলকে আন্তর্জাতিক মানের পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও পরিবেশবান্ধব নগর বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।”
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকি অব্যাহত রাখার নির্দেশ দেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি না করার ওপর গুরুত্বারোপ করেন।
রাজউকের পক্ষ থেকে জানানো হয়, হাতিরঝিলের পরিবেশ সংরক্ষণ, সৌন্দর্য বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি, রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে