প্রিন্ট এর তারিখঃ Jun 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2026 ইং
মতিঝিলে ২০০ কোটি টাকার জমি উদ্ধার করল রাজউক, গড়ে উঠবে ‘মতিঝিল পার্ক
রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে দীর্ঘদিনের অবৈধ দখল থেকে প্রায় ১ একর মূল্যবান সরকারি জমি উদ্ধার করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার পরিচালিত উচ্ছেদ অভিযানে মধুমিতা সিনেমা হলের পেছনে অবস্থিত আনুমানিক ২০০ কোটি টাকা মূল্যের জমিটি পুনরুদ্ধার করা হয়।
রাজউক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি পরিবহন কোম্পানি জমিটি অবৈধভাবে দখল করে ব্যবহার করে আসছিল। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া শেষে আদালত রাজউকের অনুকূলে রায় প্রদান করলে সেই রায়ের আলোকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ স্থাপনা অপসারণ করে জমির দখল সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা হয়েছে।
রাজউক কর্মকর্তারা বলছেন, এটি শুধু একটি জমি উদ্ধার অভিযান নয়; বরং নগর পরিকল্পনা, আইনের শাসন এবং সরকারি সম্পদ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দখলমুক্ত এই স্থানে ‘মতিঝিল পার্ক’ নামে একটি আধুনিক, নান্দনিক ও পরিবেশবান্ধব উন্মুক্ত স্থান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাস্তবায়িত হলে এটি মতিঝিল এলাকার সবুজায়ন বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নগরবাসীর জন্য একটি নতুন বিনোদন কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
রাজধানীকে পরিকল্পিত, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবৈধ দখলের বিরুদ্ধে রাজউকের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে