প্রিন্ট এর তারিখঃ Jun 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2026 ইং
চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের পর এমপিপুত্র সজীবকে পরিবারের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম (সজীব)কে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, পণ্যবাহী যানবাহন আটকে অর্থ আদায় এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, সজীবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হলেও অভিযোগগুলো যাচাই-বাছাই চলছে।
এদিকে হেফাজতে নেওয়ার পর জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকা সজীবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের দাবি, তাঁর বিরুদ্ধে নানা অনিয়মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
স্থানীয় পুলিশ ও শিল্পকারখানা-সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ ও কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে সজীবের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে