প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 15, 2026 ইং
খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তোলার আহ্বান কেসিসি প্রশাসকের
খুলনা, ১৫ জুন: খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে এবং এ লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রোববার বিকেলে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ সাইন্স প্রোজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ: সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসক বলেন, দেশের উন্নয়ন ও স্বনির্ভরতার পথে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তিনি শিক্ষাখাতে সরকারের বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরে বলেন, উদ্ভাবন ও গবেষণাভিত্তিক শিক্ষা দেশের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে পারে।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকল্প নেই। তাঁর ভাষায়, আজকের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতাই আগামী দিনের বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, জেলা পর্যায়ে সফল হওয়া শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম ছায়েদুর রহমান। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন নগরীর শহীদ হাদিস পার্ক-এ আয়োজিত ‘কাইমেট ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধন করেন কেসিসি প্রশাসক।
নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে পরিবারভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপস যুব সংগঠন’ এ ক্যাম্পের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।