
অনলাইন ডেস্ক : রাজধানীর মতিঝিলে এক ব্যক্তিকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে চলে গেছেন অস্ত্রধারীরা। রোববার বিকাল সোয়া ৩টার দিকে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এমন ঘটনার তথ্য দিয়েছেন মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
এ ঘটনায় হাতে ও পায়ে গুলিবিদ্ধ ৪৫ বছর বয়সি মো. লোকমান বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার পেশা বা অন্যান্য পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। ওসি বলেন, “তিনটি বাইকে করে ৬ জন ব্যক্তি ব্যাংকের সামনে এসে লোকমান নামে ওই যুবককে গুলি করে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল বলে ভাষ্য ভুক্তভোগীর।
“খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।” পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ। ব্যাংক থেকে টাকা তোলার খবর আগে থেকেই কীভাবে চক্রের কাছে পৌঁছাল তা খতিয়ে দেখার কথা বলেছেন থানার পুলিশ কর্মকর্তারা। ওসি বলেন, জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহের কাজ চলছে।