
অনলাইন ডেস্ক : রাজধানীর পূর্ব বাড্ডায় একটি চিপস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন, মাহমুদুল হাসান (২৩) ও মোস্তফা মিয়া (২১)। মাহমুদুল হাসান রংপুরের তাঁরাগঞ্জ উপজেলার বড় জম্মাপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ও মোস্তফা মিয়া একই উপজেলার চর কাজিপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে।
ওই কারখানায় কর্মরত শ্রমিক রাকিবুল ইসলাম বলেন, ‘রাতে কাজ শেষে আমরা ১০ শ্রমিক ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে হঠাৎ আগুন লাগার চিৎকার শুনতে পাই। দ্রুত যে ভাবে পারি বেরিয়ে আসি। কিন্তু মাহমুদুল ও মোস্তফা বের হতে পারেনি।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বলেন, ‘ভোর সোয়া ৪টার দিকে বাড্ডার কবরস্থান রোডে আমির হোসেনের চিপস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেখান থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।