প্রিন্ট এর তারিখঃ May 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 17, 2026 ইং
মান্ডায় খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার: আতঙ্কে এলাকাবাসী, কিশোর গ্যাং ও মাদক সিন্ডিকেট নিয়ে নতুন করে প্রশ্ন

রাজধানীর মান্ডা এলাকার ৭১ নম্বর ওয়ার্ডে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এক ব্যক্তিকে হত্যার পর তার মরদেহ কয়েক টুকরো করে কম্বলে পেঁচিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে নিহত ব্যক্তির মাথা এখনো উদ্ধার হয়নি বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে মান্ডা ১ম গলি, আব্দুল করিম রোড এলাকার ২৬০/১ নম্বর সাহানাজ বেগমের তিনতলা ভবনের নিচতলার খালি জায়গায়। সকালে স্থানীয়রা কম্বলে মোড়ানো দেহাংশ দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে তদন্ত শুরু করে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মান্ডা এলাকায় কিশোর গ্যাং, মাদক কারবারি ও সন্ত্রাসী চক্রের তৎপরতা বেড়ে চলেছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর বিভিন্ন গলিতে বেপরোয়া চলাফেরা, মাদক সেবন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
তথ্য বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও মাদক সিন্ডিকেটের বিস্তার নিয়ে অতীতেও উদ্বেগ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজ। তবে স্থানীয়দের প্রশ্ন—বারবার অভিযোগ ওঠার পরও কেন কার্যকর অভিযান দৃশ্যমান হচ্ছে না?
সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মান্ডা ও আশপাশের এলাকায় অপরাধপ্রবণ কিছু চক্রের সক্রিয়তা নিয়ে বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছিল। এলাকাবাসীর অনেকে বলছেন, দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়নি। হত্যার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং এটি কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের অংশ কিনা—তা খতিয়ে দেখছে তদন্ত সংশ্লিষ্টরা।
স্থানীয়দের দাবি, মান্ডা এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদক সিন্ডিকেট নির্মূলে জরুরি ভিত্তিতে চিরুনি অভিযান পরিচালনা করা হোক এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে