প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 28, 2026 ইং
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ, রূপপুর প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন।
রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের ক্ষেত্রে রাশিয়ার পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে