প্রিন্ট এর তারিখঃ Apr 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2026 ইং
জাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টে রিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ শিক্ষক নিয়োগে অনিয়ম ও বৈষম্যের অভিযোগে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আদালত রিটটি শুনানির জন্য গ্রহণ করেছেন।
রিট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং ও জিআইএস বিভাগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে গোপনে পরীক্ষা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে এ রিট করা হয়। এতে পরীক্ষা স্থগিত ও নিয়োগ নীতিমালার অসঙ্গতি দূর করার নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব রিটটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে সর্বোচ্চ সিজিপিএধারী প্রার্থীদের বাদ দিয়ে অপ্রাসঙ্গিক বিভাগের প্রার্থীদের শর্টলিস্ট করা হয়েছে। তাঁর দাবি, রিমোট সেন্সিংয়ের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকা সত্ত্বেও পরিসংখ্যান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের প্রার্থীদের যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে।
রিটে আরও বলা হয়, সিজিপিএ ভিত্তিক শর্টলিস্ট প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনও আংশিকভাবে স্বীকার করেছে। তবে বিদ্যমান নীতিমালার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তারা নীতিমালায় বৈপরীত্য থাকার বিষয়টি স্বীকার করে তা সংশোধনের আশ্বাস দিয়েছেন।
আবেদনকারীর অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ইনস্টিটিউটের প্রথম ও দ্বিতীয় স্থানধারী প্রার্থীদের পরীক্ষা দিতে না দিয়ে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে।
রিটের শুনানির তারিখ শিগগিরই নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে