প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
আফরোজা আব্বাস-পাপিয়া-কনকচাঁপাসহ হেভিওয়েটরা নেই বিএনপির তালিকায়
সংরক্ষিত নারী আসনে বিএনপির ঘোষিত ৩৬ জনের তালিকায় স্থান পাননি দলটির কয়েকজন আলোচিত ও প্রভাবশালী নারী নেতা। বাদ পড়াদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।
সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। এর পরপরই আলোচনায় আসে, দীর্ঘদিন ধরে দলের রাজনীতি ও আন্দোলনে সক্রিয় থাকা বেশ কয়েকজন পরিচিত মুখ তালিকায় জায়গা পাননি।
বাদ পড়া নেত্রীদের মধ্যে আরও রয়েছেন মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, শিক্ষক রোকেয়া চৌধুরী এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
বিএনপি সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক সক্ষমতা, সংসদে কার্যকর ভূমিকা রাখার যোগ্যতা এবং রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার নেওয়ার পর মনোনয়ন বোর্ড চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে