প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 15, 2026 ইং
পটুয়াখালীতে ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

পটুয়াখালী শহরে বৈশাখ উদ্যাপনের নামে চাঁদা দাবি করে এক ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় মৎস্যজীবী দলের দুই নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে সদর থানাসংলগ্ন জেলা পুলিশের মালিকানাধীন মার্কেটে এ ঘটনা ঘটে। আহত খোকন মল্লিককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
খোকন মল্লিক জানান, তিনি জেলা পুলিশ ক্লাব মার্কেটের একটি দোকানে মুরগির ব্যবসা করেন। তাঁর অভিযোগ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী ও সদর উপজেলার মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমসহ কয়েকজন পহেলা বৈশাখ উদ্যাপনের নামে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
তিনি বলেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাবুল গাজী, শামীম ও তাঁদের সহযোগীরা তাঁর দোকানে হামলা চালান। এ সময় দোকানে ভাঙচুর করা হয় এবং তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, হামলার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে আঘাত করা হয়।
খোকন মল্লিক আরও দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টও সদর থানাসংলগ্ন পৌর নিউমার্কেটে তাঁর ওষুধের দোকানে হামলা চালানো হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি ও ব্যক্তিগত কাজের কথা বলে তাঁর কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বাবুল গাজী। তাঁর দাবি, খোকন মল্লিক বাজারে মৃত মুরগি বিক্রি করেন। এ নিয়ে প্রতিবাদ জানালে উল্টো খোকন মল্লিক তাঁদের ওপর চড়াও হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত ব্যক্তিকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে