প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
বিএনপি জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

উদয়ের পথে
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক শ্রমিক সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ক্ষমতায় আসার পর বিএনপি জনগণের স্বার্থ ও রক্তের প্রতি প্রতারণা করেছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে। জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে।”
তিনি দাবি করেন, শ্রমজীবী মানুষের আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরপরই বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক অঙ্গীকার থেকে সরে এসেছে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, “গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই সরকার গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গেছে।”
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর করার প্রতিশ্রুতি এবং সংস্কার বাস্তবায়নের অঙ্গীকারও ভঙ্গ করা হয়েছে।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব প্রতিশ্রুতি ভঙ্গের রাজনৈতিক পরিণতি ভালো হবে না এবং শ্রমিকদের অধিকার ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে আন্দোলন গড়ে তোলা হবে।
সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে শ্রমজীবী মানুষের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ—যার মধ্যে ১৯৪৭ সালের স্বাধীনতা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণআন্দোলনও রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে