প্রিন্ট এর তারিখঃ Apr 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 10, 2026 ইং
সুন্দরবন থেকে গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার

সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের কঞ্চি খাল এলাকায় অভিযান চালিয়ে চার রাউন্ড গুলিসহ তিনটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ৩টার দিকে পশ্চিম সুন্দরবনের ওই এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, টহলরত বনরক্ষীরা ওই এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি টের পান। এ সময় তারা সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে সন্দেহভাজনরা বনের গভীরে পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান।তিনি বলেন, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে। একই সঙ্গে সুন্দরবনে নিরাপত্তা জোরদার করতে টহল কার্যক্রম আরও বাড়ানো হবে।
এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বন বিভাগ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে