প্রিন্ট এর তারিখঃ Apr 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 10, 2026 ইং
রাজশাহীতে ভ্যানচালককে পিটিয়ে হত্যা, পরিবারের আহাজারি

রাজশাহীর মোহনপুর উপজেলায় এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আলম মোল্লা (৫৩) উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা।
শুক্রবার সকালে কালীগঞ্জ হাট থেকে সবজি পরিবহন শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। নিহতের স্ত্রী জরিনা বেগম বলেন, “আমরা তখন বাড়িতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ খবর পেলাম, আলমকে মেরে ফেলছে। গিয়ে দেখি আমার স্বামী আর নেই।
পরিবারের অভিযোগ, একই এলাকার মজিবর রহমান (৫৫) ভ্যানে যাত্রী হিসেবে ওঠেন। পরে নামানোর সময় কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি আলমকে আঘাত করেন। এতে আলম মাটিতে লুটিয়ে পড়েন। পরে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা পরিজান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছাওয়াল তো কারও সাথে লাগা জানে না… সেই ছাওয়ালকেই মেরে ফেলল। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করতেন এবং বিভিন্ন সময়ে সহিংস আচরণের অভিযোগ রয়েছে।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মজিবর রহমানকে আটক করে মারধর করে একটি ক্লাবে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্তসহ তিনজনকে আসামি করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে