প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
সায়েদাবাদ ও গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০০ বাস কাউন্টার সিলগালা

– রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করা হয়েছে এবং গুলিস্তান এলাকায় ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সায়েদাবাদ বাস টার্মিনাল ও গুলিস্তানের জিপিও লিংক রোড এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, সায়েদাবাদ এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা দীর্ঘদিনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করা হয়।
অন্যদিকে বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশের জিপিও লিংক রোড এলাকায় উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে থাকা অস্থায়ী দোকান ও স্থাপনাগুলো উচ্ছেদ করায় পথচারীদের চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অভিযানের অংশ হিসেবে ডিএসসিসি একটি জরুরি গণবিজ্ঞপ্তিও জারি করেছে। এতে সিটি করপোরেশনের আওতাধীন সব শপিংমল ও মার্কেটের সামনের ফুটপাতে কোনো ধরনের মালামাল না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দখলদারদের নিজ উদ্যোগে দ্রুত মালামাল সরিয়ে নিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলসহ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ ও তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে