প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন স্বপন কুমার সরকার

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোবাইলে কথা বলতে গেলে ট্রেনে কাটা পড়ে স্বপন কুমার সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন বগুড়া জেলার সোনাতলা উপজেলার উত্তর বাঁশকাটা গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি একটি ট্রাভেলস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ির এসআই মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে র্যাব হেড কোয়ার্টারের পাশে বিমানবন্দর স্টেশনের দক্ষিণ দিকে রেল লাইনের ওপর মোবাইলে কথা বলা অবস্থায় হাঁটছিলেন স্বপন কুমার। এ সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন তাকে কেটে দেয়, ঘটনাস্থলেই তিনি নিহত হন।”
এসআই আরও জানান, খবর পাওয়ার পর রাতেই মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে