প্রিন্ট এর তারিখঃ Apr 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসা: কুমিল্লায় যুবক আটক

কুমিল্লা সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালানোর অভিযোগে মো. সিয়াম (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
বুধবার ভোরে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় পরিচালিত এক অভিযানে তাঁকে আটক করা হয়। আটক সিয়াম কুমিল্লা সদর উপজেলার রাঙ্গুরী গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ও সিপিসি-২–এর একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত দুটি জ্যাকেট ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
এ ছাড়া তাঁর বহন করা ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা, দুটি বিয়ার, পাঁচ বোতল বিদেশি মদ এবং তিন বোতল স্কাফ জব্দ করা হয়।
র্যাব-১১ ও সিপিসি-২–এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছেন, তিনি ডিবি পুলিশের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিতেন। এর মাধ্যমে তিনি সহজে মাদক পরিবহন এবং এলাকায় প্রভাব বিস্তার করতেন।
তিনি আরও জানান, আটক সিয়ামের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি
এ. কে. পলাশ
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে