প্রিন্ট এর তারিখঃ Apr 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
সুন্দরবনে দস্যুদের কবল থেকে জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন এলাকায় দস্যুদের হাতে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের পশ্চিম জোন জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে পরিচালিত একটি অভিযানে খুলনার কয়রা উপজেলার খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকা থেকে ওই জেলেকে উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ‘জোনাব বাহিনী’ নামে পরিচিত একটি দস্যু দল ওই এলাকায় অবস্থান করছে এবং তাদের কাছে একজন জেলে জিম্মি রয়েছে।
তিনি জানান, তথ্য পাওয়ার পর রাত প্রায় ২টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জিম্মিকে ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া জেলের নাম মজিবর গাজী (৫০)। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশের উপকূলীয় এই অঞ্চলে দীর্ঘদিন ধরে দস্যু তৎপরতা একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
কোস্টগার্ড কর্মকর্তারা বলছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে