প্রিন্ট এর তারিখঃ Mar 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
ঝিনাইদহে তরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা মনোয়ার গ্রেপ্তার

ঝিনাইদহে কৃষক দল নেতা তরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝিনাইদহ শহরতলীর হামদহ আলহেরা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে হামদহ আলহেরা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। অভিযানের সময় সেখান থেকে তরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামি মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তথ্য বলছে, অভিযানের সময় স্থানীয় কিছু লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
সূত্র জানায়, একপর্যায়ে কয়েকজন ব্যক্তি গ্রেপ্তার হওয়া আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিকে নিরাপদে হেফাজতে নেয় র্যাব সদস্যরা।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর মনোয়ার হোসেনকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে রাজনৈতিক পরিচয়ের একজন ব্যক্তিকে হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং এতে আর কারা জড়িত থাকতে পারে। তদন্তের অগ্রগতির ওপর এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে