প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
শিশু মমতা হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আনোয়ার হোসেন লিটন
রিপোর্টারঃ নওগাঁ
সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর ৫ম শ্রেণির শিক্ষার্থী মমতা হত্যার সঠিক বিচার ও হত্যার সাথে জড়িতদের মৃত্যুদন্ড চেয়ে মমতার পরিবার স্বজনরা ও এলাকাবাসী মিলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মমতা গত ৪ সেপ্টেম্বর স্কুলে যাবার পথে নিখোঁজ হন। ৬ সেপ্টেম্বর তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছোট পুকুর থেকে মমতার মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুলের মেয়ে মমতা। আজ ববিবার (৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে থানা গেইট এলাকা থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। থানা গেইট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মমতার মা বলেন, আমার মেয়েটার সাথে খুব খারাপ কিছু হয়েছে। এই হত্যাকান্ডের পেছনে যত বড় শক্তিই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
গ্রামবাসীর পক্ষে সাবেক ইউপি সদস্য পারুল বেগম বলেন, মমতা হত্যাকান্ডের বিষয়ে প্রশাসন ধীর গতিতে এগুচ্ছে। যত দ্রুত সম্ভব এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান। মমতার মা বাবা মিনহাজুল বলেন, আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই। অনেক কষ্ট দিয়ে আমার মেয়েটাকে মারা হয়েছে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার রহস্য উদঘাটনে পুলিশ সক্রিয় রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে